iklan banner

আর্জেন্টিনার কোচের দৌড়ে এগিয়ে বউজা

ক্রীড়া ডেস্ক :
কোপা আমেরিকায় ব্যর্থতার দায়ে আর্জেন্টিনা কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেরার্ডো মার্টিনো। আগামী মাসেই ব্রাজিলে পর্দা উঠতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের। মর্যাদার ওই আসর শুরুর আগেই কোচের শূন্য পদে নতুন কাউকে বসাতে মরিয়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
নতুন কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন সাও পাওলোর কোচ এডগার্ডো বউজা। আর্জেন্টিনার কোচের দৌড়ে বউজার এগিয়ে থাকার কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো।

২০১৫ সালে সাও পাওলোতে চাকুরি নেওয়ার আগে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন বউজা। নিজ দেশের কোচ হতে বউজা আগ্রহী। এমনটা জানিয়ে বৃহস্পতিবার সাও পাওলো এক বিবৃতিতে জানায়, ‘সাও পাওলোর কোচ এডুগার্ডো বউজা বৃহস্পতিবার এএফএ প্রধানের কাছ থেকে একটি আমন্ত্রনপত্র পেয়েছেন। অন্যদের মতো আর্জেন্টিনার কোচ হওয়ার প্রতিযোগিতায় বউজাও একজন প্রার্থী।’

কোচ হিসেবে বউজার সাফল্যের কীর্তি কম নয়। পেরুতে স্পের্টিং ক্রিস্টালের হয়ে লিগ শিরোপা জেতেন তিনি। ইকুয়েডরে জেতেন এলডিইউ’র শিরোপা। ২০১৪ সালে সান লরেঞ্জোর হয়ে কোপা লিবারর্তাদোরাসের শিরোপা জেতেন আর্জেন্টাইন এই কোচ। তাই বর্তমান বাজে অবস্থা কাটিয়ে উঠার জন্য তাকে কোচের আসনে বসাতে পারে এএফএ।

চিলির বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা শিরোপা হাতছাড়া করার পর আর্জেন্টিনা খেলোয়াড়দের ব্যাপক সমালোচনা করে এএফএ। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় ব্যর্থতার পর দলটির অধিনায়ক লিওনেল মেসির আকস্মিক অবসরের ঘোষণায়  স্তব্ধ হয়ে গেছে পুরো ফুটবলবিশ্ব।
Previous
Next Post »