টাঙ্গাইল:
জেলার ভূঞাপুর উপজেলায় সংখ্যালঘু ধর্মীয় ছয় নেতার বাড়ির দেয়ালে পোস্টার সাঁটিয়ে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা।
চাঁদ-তারা অঙ্কিত সবুজ রঙের কালিতে লেখা ওই পোস্টার বৃহস্পতিবার রাতের
কোনো এক সময় ছয়জনের নাম উল্লেখ করে তিন নেতার বাড়ির গেটে পোস্টার সাঁটিয়ে
দেয়া হয়।
যাদের হুমকি দেয়া হয়েছে, তারা হলেন- উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য
পরিষদের সভাপতি সরণ দত্ত, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর শাখা সাধারণ
সম্পাদক ও ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, ফলদা
কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মণ, ফলদা
ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য কনক চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত
শিক্ষক সুশীল রঞ্জন বসাক, ফলদা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন
মজুমদার ও সংখ্যালঘু নেতা ভজন চন্দ্র ঘোষ।
শুক্রবার সকালে পোস্টার দেখে ভূঞাপুর পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ
ঘটনাস্থলে এসে পোস্টারগুলো উদ্ধার করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন
করে। এ ঘটনায় হিন্দু অধ্যুষিত ফলদা গ্রামের সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক
ছড়িয়ে পড়েছে।
সংখ্যালঘু নেতা সন্তোষ কুমার দত্ত জানান, সম্প্রতি পাশের গোপালপুর উপজেলায় যেভাবে সংখ্যালঘুর বাড়িতে পোস্টার টাঙিয়ে দর্জিকে হত্যা করা হয়েছে- একইভাবে আমাদের সংখ্যালঘু ছয় নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোস্টার সাঁটিয়ে দিয়েছে জঙ্গিরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি প্রদানকারী জঙ্গিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল। ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবির জানান, পুলিশের পক্ষ থেকে সংখ্যালঘু পরিবারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুরে হিন্দু ধর্মের এক দর্জিকে হত্যার আগে তার বাড়িতে পোস্টার সাটিয়ে দিয়েছিল জঙ্গিরা। এরপর কয়েকদিন পর জঙ্গিরা ওই দর্জিকে হত্যা করে পালিয়ে যায়। পরে ইসলামিক স্টেট (আইএস) হত্যার দায় স্বীকার করে টুইটে বার্তা প্রদান করে।

ConversionConversion EmoticonEmoticon