ক্রীড়া ডেস্ক :
মুস্তাফিজুর রহমান কি ফের ইনজুরিতে পড়েছেন? তেমন যে খবরই মিলছে!
সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে মুস্তাফিজ এখন ইংল্যান্ডে। দলটির হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এরই মধ্যে দুই দিনে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। আজ রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে বাংলাদেশ সময় বিকেল ৪টায় গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলতে নামবে সাসেক্স। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না কাটার মাস্টারের।
শনিবার অনুশীলনের সময় মুস্তাফিজের বাঁ কাঁধে চোট পাওয়ার খবর পাওয়া গেছে। সেখানে তাৎক্ষণিক চিকিৎসা করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সাসেক্স অবশ্য এখনো এ ব্যাপারে কিছু জানায়নি। শনিবার সাসেক্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে গ্লস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটির যে প্রিভিউ দিয়েছে, সেখানে অবশ্য আজ মুস্তাফিজের খেলার কথা বলা হয়েছে।
সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই জাদু দেখিয়েছেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য মুস্তাফিজ জ্বলে উঠতে পারেননি, পাননি কোনো উইকেট। তার দলও জেতেনি। তবে আজ ওয়ানডেতে তার জাদুকরী বোলিং দেখার অপেক্ষায় সবাই। কিন্তু ‘দ্য ফিজ’ মাঠে নামার আগেই যে চোট পেয়ে বসলেন।
মুস্তাফিজের কাঁধের সমস্যাটা নতুন নয়। এই বছরের জানুয়ারিতে এই ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলা হয়নি তার। পাকিস্তান সুপার লিগেও খেলতে যাওয়া হয়নি। এই চোটের কারণেই এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশও মিস করেন মুস্তাফিজ। কাটার মাস্টার বিশ্বকাপের শেষটায় খেলেছেন। পরে আইপিএলে ঝড় তুলেছেন। তবে আইপিএলের শেষের দিকেও সমস্যা দেখা দেয়। সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এখন আবার দুঃসংবাদ এল ইংল্যান্ড থেকে।

ConversionConversion EmoticonEmoticon