নিজস্ব প্রতিবেদক :
দলীয়ভাবে দিবসভিত্তিক কর্মসূচি পালনে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের যুক্তিভিক্তিক মতামতকেই প্রাধান্য দিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে বিভিন্ন দিবস পালনের বিষয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে সভানেত্রী হিসেবে শেখ হাসিনা সৈয়দ আশরাফের মতামতে সায় দেন। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, বিভিন্ন দিবস পালন নিয়ে বক্তব্য দিতে গিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এমন কিছু দিবস আছে যা দল পালন করে কিন্তু গঠনতন্ত্রে উল্লেখ নেই। এসব দিবস দলীয়ভাবে করার চেয়ে অনানুষ্ঠানিকভাবে পালন করা উচিত। আর এসব দিবস পালন করলেও দলীয় এজেন্ডায় রাখা যাবে না।’
এর প্রেক্ষিতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কিছু দিবস খুব স্পর্শকাতর। যেমন ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো। এসব আমরা সবসময়ই পালন করে আসছি।
ওবায়দুল কাদেরের মতামতের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘২১ আগস্টের কথা শুনলেই ভয়াবহ ১৫ আগস্ট দিনটির কথা মনে পড়ে যায়। তাই ২১ আগস্ট দিনটিকে ভয়াবহ গ্রেনেড হামলা দিবস হিসেবে পালন করা হোক। তাছাড়া যেসব দিবস গঠনতন্ত্র অনুমোদন করে না সেগুলো এজেন্ডায় না রেখে অনানুষ্ঠানিকভাবে পালন করা যেতে পারে। আর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোও তা পালন করতে পারে।’
বৈঠক সূত্র আরো জানায়, সৈয়দ আশরাফ এবং ওবায়দুল কাদেরের এমন পাল্টা-পাল্টি যুক্তির মধ্যে ওবায়দুল কাদেরের পক্ষে যুগ্ম সম্পাদক জাহাঙ্গির কবির নানক এবং আশরাফের পক্ষে সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আলোচনা করতে চাইলে শেখ হাসিনা তাদের থামিয়ে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গঠনতন্ত্রের বাইরে যাবার সুযোগ নেই।’
বৈঠকে শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি, ২১ আগস্ট গ্রেনেড
হামলা দিবস, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনসহ বেশ কিছু
দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ
হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্য রাখেন শেখ
হাসিনা। দলের কেন্দ্রীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে কুমিল্লা জেলা শাখা কমিটি অনুমোদন করা হয়। পাশাপাশি কুমিল্লা মহানগর, ময়মনসিংহ জেলা ও মহানগর এবং খুলনা মহানগর কমিটি দ্রুত গঠনের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ময়মনসিংহ মহানগর এবং কুমিল্লা মহানগর কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গঠন করার নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা।
ConversionConversion EmoticonEmoticon