iklan banner

বঞ্চিতদের তালিকা নিল কেন্দ্র, বর্ধিত হচ্ছে কমিটি


চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ বঞ্চিত দুপক্ষের নামের তালিকা গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শুক্রবার সন্ধ্যায় এমন নিশ্চিত করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা তা আমরা সমাধান করেছি। পদবঞ্চিত ছাত্রলীগের দুপক্ষ থেকে তালিকা গ্রহণ করা হয়েছে। ঢাকায় গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা চেষ্টা করব তালিকার সবাইকে রাখতে।  দুপক্ষেরই কথা শুনে আমরা যা সিদ্ধান্ত দিয়েছি তারা তা মেনে নিয়েছে।

পদবঞ্চিতদের চলমান আন্দোলনের চলবে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পদবঞ্চিতরা আমাদের আশ্বস্ত করেছেন।  তারা এ ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে আর কোনো ঝামেলায় জড়াবে না।

এদিকে খুব শিগগিরই বর্ধিত হচ্ছে সদ্য ঘোষিত চবি ছাত্রলীগের কমিটি । নাম প্রকাশ না করা শর্তে চবি ছাত্রলীগের একটি সূত্র জানায়, পদ বঞ্চিতদের যে নামের তালিকা কেন্দ্র গ্রহণ করেছে তা থেকে পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করা হবে।

এর আগে গত ১৮ জুলাই চবি ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার দুদিন আগে ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

আল্টিমেটাম শেষ হওয়ার পর ২০ জুলাই থেকে ছাত্রধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা। ওইদিন তারা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে হামলা চালিয়ে এক ট্রেনচালক ও এক রেলওয়ে পুলিশ সদস্যকে আহত করেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে তালা ঝুলিয়ে দেন।

এরপর থেকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবদমান দুটি পক্ষে। ওই সময় উভয় পক্ষের মধ্যে প্রায় অর্ধশত রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এ সমস্যার সমাধান করতে শুক্রবার সকালে চট্টগ্রামে ছুটে আসেন  ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এসেই তিনি এ সমস্যা নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সিটি মেয়র আজম নাছির উদ্দিনের সঙ্গে  পৃথক বৈঠক করেন।

এ সময় কেন্দ্রীয় নেতারা চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বি সুজনসহ পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।

কেন্দ্রীয় দুই নেতার সঙ্গে ছিলেন ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় নেতা শাহজাদা মহিউদ্দিন।
Previous
Next Post »