iklan banner

সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প নির্মাণ চুক্তি বাতিলের দাবি

রামপালসহ সুন্দরবন ধ্বংসকারী সব  প্রকল্পের নির্মাণ চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো  হয়। মানববন্ধনে নেতারা বলেন, সরকার সকল জনমত, বিশেষজ্ঞদের মতামত, পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে একরোখা নীতিতে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ চুক্তি করে।  একদিকে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ অন্যদিকে পরিবেশ বিধ্বংসী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে দ্বি-চারিতা বলে আখ্যায়িত করে নেতারা বলেন, এই চুক্তি সুন্দরবনের অস্তিত্ব ও বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ভারতীয় কোম্পানির স্বার্থে। দেশ ও জনগণের প্রতি যদি কোনো দায় থাকত তা হলে সরকার এমন চুক্তি করত  না।

নেতারা আরো বলেন, আমরা বারবার দাবি করছি বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোনো  বিকল্প নাই। আমাদের প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। ভারতের সঙ্গে যে নির্মাণ চুক্তি করছে তা অবিলম্বে বাতিল করতে হবে। এই চুক্তি জনগণ কোনোভাবেই মেনে নিবে না। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সংগঠক নাসির উদ্দিন প্রিন্স, রাশিব রহমান, শ্যামল বর্মণ, সাদেক হোসেন, হযরত আলী রাজীব, রুখসানা আফরোজ আশা, মুক্তা বাড়ৈ প্রমুখ।
Previous
Next Post »