iklan banner

‘ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।

রোববার নায়েম মিলনায়তনে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান মূল্যায়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে এটিকে ভুলভাবে না বুঝিয়ে সঠিকভাবে উপস্থাপনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘শিক্ষা বিষয়ক কর্মসূচির ক্ষেত্রে হাওড়, নদীভাঙন এলাকার বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এসব কর্মসূচি যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে না।’

শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষকসংকট দূর করতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে শিক্ষার মানের উন্নয়ন যাতে পুরোপুরি বাস্তবায়ন হয়, সেদিকে নজর দিতে হবে।’


অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, নায়েমের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক হামিদুল হক।
Previous
Next Post »