নিজস্ব প্রতিবেদক : জনগণের হৃদয়ে থাকে এমন কিছু করে দুদককে দেখাতে হবে। একইসঙ্গে দুর্নীতি বিষয়ে দুদক গণমাধ্যমে যত বেশি তথ্য দিবে, তত বেশি দুর্নীতি প্রতিরোধ হবে।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় গণমাধ্যম ব্যক্তিরা এসব কথা বলেন।
সভায় সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, বিশ্বের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও দুর্নীতি। জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যথায় জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে আমরা কেউ রক্ষা পাব না।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে মানুষের মনে থাকে এমন কিছু কাজ করতে হবে, এই জন্য কমিশন গণমাধ্যমকে ব্যবহার করবে, আর এতে গণমাধ্যমও সহযোগিতা করবে।
কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, অভিভাবক ও শিক্ষকরা হচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী ও নৈতিক শিক্ষা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এই বিষয়টি নতুন প্রজন্মের অন্তরে দেওয়া গেলে দুর্নীতি হ্রাস করা সম্ভব।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, দুদক যতটুকু সম্ভব দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আমরা গণমাধ্যম থেকে যেসব সহযোগিতা করার তা করে যাচ্ছি। কমিশন যতবেশি তথ্য দিবেন, দুর্নীতি বিরুদ্ধে গণমাধ্যমের ততবেশি কাজ করা সম্ভব হবে।
একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু বলেন, রেলওয়ে মন্ত্রণায়ে কোনো কাজেরই টেন্ডার হয় না। যোগ্যদের বিভিন্ন অভিযোগ দেখিয়ে টেন্ডার থেকে বঞ্চিত করা হয়। এসব বিষয় যেন কমিশনের নজরে আসে।
ব্যাংকিং সেক্টরে ব্যাপক দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কমিশনকে নিয়মিত কাজের বাইরে জাতীয় টাস্কফোর্স গঠন করে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে।
দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদককে নিজের ঘরে কি হচ্ছে তা আগে খতিয়ে দেখতে হবে।
বাংলানিউজের আউটপুট এডিটর অশোকেশ রায় বলেন, দুদকের মামলার দ্রুত বিচার হচ্ছে না। এ জন্য দুদকের প্রসিকিউশনকে আরো শক্তিশালী করতে হবে।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক নওয়াজেশ আলী খান বক্তব্য রাখেন।
সভায় কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

ConversionConversion EmoticonEmoticon