
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
লক্ষ্যমাত্রার চেয়ে ৬৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে এই অতিরিক্ত রাজস্ব সংগৃহীত হয়েছে বলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। গত দুই অর্থবছরের ধারাবাহিকতায় এই বছর রাজস্ব আদায়ে এ লক্ষ্যমাত্রা অতিক্রম করল প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া রাইজিংবিডিকে জানান, ভ্যাট থেকে চট্টগ্রামে এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ২৬৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে সাত হাজার ৩৩৮ কোটি ৩৩ লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড থেকে ২০১৪-১৫ অর্থ বছরের রাজস্ব আদায়ের ওপর ৪১% প্রবৃদ্ধি ধরে ২০১৫-১৬ অর্থবছরে স্থানীয় ও আমদানি পর্যায়ে উল্লেখিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তার বিপরীতে ৬৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম কাস্টমস।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এবার কমিশনারেটে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ৪২%। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের দিক নির্দেশনা, করদাতাগণের আন্তরিক সহযোগিতার কারণে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন কমিশনার গোলাম কিবরিয়া। একই সাথে এই দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীগণের নিরলস প্রচেষ্টায় লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব সংগ্রহ সম্ভব হয়েছে।
এ ধারা বজায় রেখে আগামীতেও প্রবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে বলে জানান ভ্যাট কমিশনারেট কমিশনার গোলাম কিবরিয়া।
ConversionConversion EmoticonEmoticon