iklan banner

শ্রদ্ধা-ভালোবাসায় ড. ছদরুদ্দিনকে চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক, সিলেট :
শ্রদ্ধা ও ভালোবাসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে চিরবিদায় জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে চিরবিদায় জানান।

রোববার বেলা ১১টার দিকে যখন ড. ছদরুদ্দিনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ড. ছদরুদ্দিনের জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার ছোট জামাতা রুমান ইউনুস, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভুঁইয়া ও শাবি শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ সামসুল আলম।


পরে বেলা সাড়ে ১১টার দিকে ড. ছদরুদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মতিউর রহমান।

জানাজার নামাজ শেষে ড. ছদরুদ্দিনের কফিনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে তার প্রতিনিধিদল, শাবি পরিবারের পক্ষে ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভুঁইয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি ড. মো. গোলাম শাহি আলম, প্রাক্তন সংসদ সদস্য জেবুন্নেসা হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।

পরে ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ড. ছদরুদ্দিন। গত ৭ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ১২ জুলাই তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Previous
Next Post »