আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানির মিউনিখে শপিং মলে হামলা চালিয়ে নয়জনকে হত্যাকারী তরুণের সঙ্গে সেই ব্রেইভিকের যোগসূত্র আছে বলে দাবি করেছে জার্মান পুলিশ।
২০১১ সালের ২২ জুলাই নরওয়ের অসলোতে দুটি পৃথক হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করে আন্দ্রেস বেহরিং ব্রেইভিক। কুখ্যাত হত্যাকারী ব্রেইভিকের সঙ্গে মিউনিখে হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণের মিল রয়েছে বলে মনে করছে পুলিশ। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
জার্মান পুলিশের প্রধান হুবার্টাস আন্দ্রে জানিয়েছেন, নরওয়েতে
ব্রেইভিকের হামলার পাঁচ বছর পূর্তির দিন মিউনিখে হামলা চালানোর ঘটনার
যোগসূত্র রয়েছে। তবে এ যোগসূত্রের ভিত্তি কী, তা তিনি পরিষ্কার করেননি। তা
ছাড়া এ হামলার সঙ্গে আইএসের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ
প্রধান।১৮ বছর বয়সি তরুণের কক্ষে তল্লাশি চালিয়ে হামলার লিখিত উপকরণ পেয়েছে পুলিশ। হামলার পর নিজেকে হত্যাকারী এ তরুণের ৯ এমএম গ্লক পিস্তল এবং ৩০০ বুলেট ছিল।
হামলার আগে ফেসবুকের মাধ্যমে লোকজনকে রেস্তোরাঁয় আসতে আমন্ত্রণ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এক বালিকার নাম ব্যবহার করে তৈরি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় লোকজনকে আমন্ত্রণ করেন তিনি।
শুক্রবার অলিম্পিয়া শপিং মলে হামলায় আহত হয় ২৭ জন। এর মধ্যে শিশুরা রয়েছে।
নিহতের মধ্যে সাতজন শিশু। এদের মধ্যে তিনজন কসোভোর, তিনজন তুরস্কের এবং একজন গ্রিসের নাগরিক।
পুলিশ জানিয়েছে, হামলাকারী তরুণ মানসিক চিকিৎসা নিচ্ছিলেন। তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন।
জার্মানির পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার মলের সামনে লোকজনকে মোমবাতি জ্বালাতে এবং ফুল দিতে দেখা গেছে।
ব্রেইভিক কে?
২০১১ সালের ২২ জুলাই নরওয়ের রাজধানী অসলোতে বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা করেন তিনি। এর আগে উটোয়েয়ার দ্বীপে মধ্য-বামপন্থি রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলা চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন তিনি।
ব্রেইভিকের বয়স এখন ৩৭ বছর। ২০১২ সালে আদালত তাকে ২১ বছর জেল দেন। তাকে নিঃসঙ্গ কারাবাসে রাখা হয়েছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন ও উইকিপিডিয়া।
ConversionConversion EmoticonEmoticon