সিরাজগঞ্জ প্রতিনিধি :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের অগ্রযাত্রাকে
চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এ অবস্থায় কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সব অপশক্তিকে প্রতিরোধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। শনিবার বেলা আড়াইটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা করছে। ঈদের জামায়াতে যারা হামলা চালায় তারা মুসলমান হতে পারে না।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটি গঠন করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শুধু কমিটি গঠন করলেই চলবে না, মাঠে থাকতে হবে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, বিএনপি-জামায়াত জোট আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। ওই সময় ৬২ জেলায় একযোগে বোমা বিস্ফোরণ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, হবিগঞ্জে কিবরিয়া হত্যাসহ অসংখ্য জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের মত ভয়ংকর জঙ্গি খালেদা জিয়ার আমলে সৃষ্টি হয়েছিল। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী দিলীপ বড়–য়া, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম হোসেন আলী হাসান প্রমুখ।

ConversionConversion EmoticonEmoticon