iklan banner

জাতীয় ঐক্য হয়ে গেছে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক : 
গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে, এখন তা কার্যকর করতে হবে।


তিনি বলেন, ‘দেশের ৯৯ দশমিক ৯৯ শতাংশ মানুষ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ এক হলে যদি জাতীয় ঐক্য হয় তাহলে সেই ঐক্য হয়ে গেছে। কোন রাজনৈতিক দল তো আর দেশ না যে, তারা না বললে জাতীয় ঐক্য হবে না।’

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আয়োজিত ‘তরুণ সমাজ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় করণীয় শীর্ষক’ গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘দেশের মানুষ আজ উপলব্ধি করছেন, বেঁচে থাকার অর্থ কি। যন্ত্রণা কি। এখন মানুষের ঘর থেকে বের হয় আবার ঘরে ফেরার নিশ্চয়তা নাই। প্রায় আফগানিস্তানের মতো।’

অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘জঙ্গি হামলায় সাধারণ মানুষ হুমকির মধ্যে রয়েছেন। যুব সমাজ বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি ক্ষোভ থেকে অনেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তারা মনে করে, সারা বিশ্বে সুন্নি মুসলমানরা নির্যাতন নিপিড়নের শিকার। দেশে ক্ষমতাধররা দূর্নীতিতে জড়িয়ে পড়েন, জনগণকে পীড়ন করেন। এসবের ক্ষোভ থেকে তরুণ তরুণীরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। উদ্দেশ্য নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া।’

আয়োজক সংগঠনের সভাপতি আজম রূপুর সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক রোবায়েত ফেরদৌস, ঢাবি শিক্ষক অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক, আসিফ নজরুল, ড. সৈয়দ অনোয়ার হোসেন, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সায়িদ খান।
Previous
Next Post »