iklan banner

‘এমন কিছু করিনি যে ব্র্যাডম্যানের সাথে তুলনা করতে হবে’

ক্রীড়া প্রতিবেদক :
ইংল্যান্ড যদি এ বছর বাংলাদেশ সফর না করে তাহলে এ বছর একটিও আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাবেন না মুমিনুল হক!

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলেছিলেন জুলাইয়ে। সেখানেও মাত্র এক ইনিংসে ব্যাটিং করেছিলেন। এরপর বাংলাদেশ টানা সীমিত ওভারের ম্যাচ খেলায় মুমিনুল হক জাতীয় দলে সুযোগ পাননি।

ভারতের চেতেশ্বর পূজারা সাত মাস পর জাতীয় দলে এসে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম আরও নজির রয়েছে। মুমিনুল হকের ক্ষেত্রেও এমন হতে চলছে! ইংল্যান্ড সিরিজ কোনো অনাকাঙ্খিত কারণে ভেস্তে গেলে মুমিনুলকে আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্য শ্রীলঙ্কা সফর হবে সেটা এখনও নিশ্চিত হয়।

টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত পাওয়া মুমিনুল নিজেও বাস্তবনা মেনে নিয়েছেন। তবে সীমিত পরিসরে ফিরতে মরিয়া তিনি। তবে এজন্য টেস্টে ভালো করে ওয়ানডেতে জায়গা করে নেওয়ার পরিকল্পনা ছোট্ট মুমিনুলের। তার ভাষ্য, ‘আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওয়ানডেতে ঢুকতে হলে আমাকে আগে টেস্টে ভালো খেলতে হবে। ওই জায়গাটা স্ট্রং রেখে আমাকে অন্য ফরম্যাটের কথা চিন্তা করতে হবে। টেস্টে খুব ভালো পারফর্ম করি; ভবিষ্যতে কোচ ও নির্বাচকরা আমাকে নিয়ে ওয়ানডের কথা বিবেচনা করবে। আগে টেস্ট তারপর অন্যকিছু।’

টেস্ট স্পেশালিস্ট খেতাব পাওয়ার পিছনে মুমিনুলের হকের নিজের কোনো দোষ নেই! ধারাবাহিকভাবেই টেস্টে ভালো করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সতীর্থরা অনেকেই তাকে স্যার ডন ব্র্যাডম্যান খেতাব দিয়েছেন। তবে মুমিনুলের বিষয়টি একদম ভালো লাগে না,‘এই জিনিসটা ভালো লাগে না; খারাপ লাগে। এখনই আমি এমন কিছু করিনি যে ওনার (ব্র্যাডম্যান) সাথে তুলনা করতে হবে। টেস্টে আমার গড় ভালো। এইভাবেই আমি আমাকে গড়েছি।’
Previous
Next Post »