ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে ফের আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের রাধানগর গ্রামের রানীর দীঘি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমজাদ হোসেন (২৫) পৌর শহরের বাগানবাড়ি এলাকার আবদুল মজিদের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ট্রেন ভোরে আখাউড়ার ইমামবাড়ি-গঙ্গাসাগর স্টেশনের মাঝামাঝি স্থানে যাত্রাবিরতি দেয়। এ সময় আমজাদ ট্রেনের জানালা দিয়ে ছিনতাই করার চেষ্টা করলে বাজারের নৈশপ্রহরী তাকে ধরে ফেলেন। কিন্তু তার হাত ফসকে ছিনতাইকারী একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পুকুর থেকে আটক করে পুলিশে খবর দেয়।
![]() |
ছিনাতাইকারী আমজাদ হোসেনকে দীঘি থেকে তোলা হচ্ছে |
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আকবর তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে ফের চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন। এ সময় আবারও আমজাদ রানীর দীঘিতে ঝাঁপ দেন। তবে শেষরক্ষা হয়নি। পাশে থাকা একটি নৌকা নিয়ে পুলিশ দীঘি থেকে তাকে আটক করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ConversionConversion EmoticonEmoticon