iklan banner

মাদ্রাসার ছাত্রাবাসে কড়া নজরদারির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক :
মাদ্রাসার ছাত্রাবাসগুলোতে কড়া নজরদারি ও নিয়মিত হাজিরার প্রথা চালুসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।


রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে মাদ্রাসা শিক্ষাবোর্ড আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন বক্তারা।

তারা বলেন, ‘কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে, আলিয়া মাদ্রাসায় জঙ্গি রয়েছে। কিন্তু আমরা বলতে চাই আলিয়া মাদ্রাসায় জঙ্গিবাদের কোনো স্থান নেই বা জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয় না।’

বক্তারা জঙ্গিবাদ রোধে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শিক্ষার্থী ভর্তির সময় তার স্থায়ী ঠিকানা সঠিকভাবে যাচাই বাছাই করে ভর্তি করা, কোনো শিক্ষার্থী ছুটি চাইলে অন্তত তার পরিবারের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে সেটি মঞ্জুর করা, টেলিভিশনে ধর্মীয় শিক্ষামূলক প্রচারণা বাড়ানো, নৈতিকতাবিরোধী অপসংস্কৃতিমূলক সকল অনুষ্ঠান বন্ধ করা, ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করা, শিক্ষা-সংস্কৃতি ও বিনোদনের ব্যবস্থা করা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মুদার্রেসিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মুক্তাদির, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কাফিল উদ্দিন সরকার, সিলেট বিভাগের প্রতিনিধি মাওলানা মনোহর আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব (মাদ্রাসা) এস এম এহসান কবির, সারা দেশের দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসার প্রধানগণ।
Previous
Next Post »