![]() |
মুস্তাফিজুর রহমান ও লুক রাইট |
সাসেক্সের
হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই নজর কাড়া বোলিং করেছেন
মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার রাতে এসেক্সের বিপক্ষে দলকে ২৪ রানের জয়
এনে দিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন কাটার মাস্টার। ম্যাচ
শেষে বাংলাদেশের তরুণ পেসারকে প্রশংসায় ভাসালেন সাসেক্স অধিনায়ক লুক রাইট।
মুস্তাফিজকে দলে পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে সাসেক্সকে। তার
ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল জুনের শুরুতে। কিন্তু মে মাসের শেষ দিকে আইপিএল
থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন মুস্তাফিজ। তাই যেতে পারেননি সময়মত।
কিন্তু মুস্তাফিজকে পেতে হাল ছাড়েনি সাসেক্স। অন্তত কিছু সময়ের জন্য হলেও
পেতে উদ্গ্রীব ছিল দলটি।
চলতি মাসের শুরুর দিকে চোট পুরোপুরি কাটিয়ে ওঠেন মুস্তাফিজ। ঈদের পর ১৩
জুলাই ইংল্যান্ডে উড়াল দেওয়ার পরিকল্পনাও ছিল তার। কিন্তু ভিসা জটিলতায়
পিছিয়ে যায় মুস্তাফিজের ইংল্যান্ড-যাত্রা। ভিসা জটিলতা কাটিয়ে গত বুধবার
(২০ জুলাই) ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন মুস্তাফিজ। লম্বা সফর শেষে
ইংল্যান্ডে পৌঁছেন সেদিনই। আর পৌঁছে পরের দিনই মাঠে নেমে দলকে এনে দিলের
দারুণ এক জয়।
মুস্তাফিজকে পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষাটা যে বৃথা যায়নি, সেটাই মনে
করিয়ে দিলেন সাসেক্স অধিনায়ক লুক রাইট। বৃহস্পতিবার ম্যাচশেষে তিনি বলেন,
‘আমাদের অনেক কষ্ট করতে হয়েছে রহমানকে (মুস্তাফিজ) এখানে পেতে। এটার জন্য
অনেক মানুষ কঠিন পরিশ্রম করেছে। এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের সময় ও শ্রম
একটুও বৃথা যায়নি।’
মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে রাইট বলেন, ‘সে খুবই স্পেশাল একজন বোলার।
সে সরাসরি তার পারফরম্যান্সে চলে যায়, যা দেখতেও অনেক অসাধারণ।’
অনুশীলনেও মুস্তাফিজ নিজের বোলিং রহস্যকে আড়াল করেন বলে জানালেন সাসেক্স
অধিনায়ক, ‘সে কী করতে যাচ্ছে, সেটা বুঝতে পারা অনেক কঠিন। অনুশীলনের সময়
আমরা চেষ্টা করছিলাম তার সঙ্গে কাজ করতে, কিন্তু পারিনি।’
ইংল্যান্ড ও বাংলাদেশের সময়ের ব্যবধানের সাথে মানিয়ে নিতে অন্তত কিছু
সময় লাগে। কিন্তু মুস্তাফিজ সেই সময় একদমই পাননি। ইংল্যান্ডে পা রেখেই তার
দুর্দান্ত পারফরম্যান্স তাই অবাক করছে রাইটকে, ‘সে গতকাল (বুধবার) রওয়ানা
দিয়েছে। সোজা এখানে এসে এমন বোলিং পারফরম্যান্স দেখিয়েছে। সত্যিই অনেক
স্পেশাল এক প্রতিভা আমাদের দলে পেয়েছি।’

ConversionConversion EmoticonEmoticon